যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে হেলিকপ্টার বিধস্ত, নিহত একই পরিবারের ৫ জন

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে হেলিকপ্টার ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন সাবালক এবং তিনজন নাবালক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের প্রশাসন এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডাম বলেছেন, হেলিকপ্টারটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারীরা নদীতে নেমে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ছয়জনের দেহ তুলে আনা হয়। কিন্তু ততক্ষণে তাদের সকলেরই মৃত্যু হয়েছে।

হেলিকপ্টারটিতে পাঁচজনের একটি পরিবার ছিল। তারা স্পেন থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন। ওই পরিবার ছাড়া হেলিকপ্টারের পাইলটের মৃত্যু হয়েছে।

২টা ৫৯ মিনিটে হেলিকপ্টারটি টেক অফ করে। এর ২০ মিনিট পর সেটি হাডসন নদীর উপরে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি আচমকাই পানির দিকে দ্রুত নামতে থাকে। একসময় তার প্রপেলার পানিতে গিয়ে লাগে। তারপরই সেটি ডুবে যায়।

হাডসন নদী একটি গুরুত্বপূর্ণ জলপথ। সর্বক্ষণই সেখান দিয়ে জাহাজ যাতায়াত করে। এদিন এই ঘটনার পর সেখানে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ২০০৯ সালে এই হাডসন নদীতেই একটি প্লেন ল্যান্ড করেছিল। কাকতালীয়ভাবে বেঁচে গেছিল বহু যাত্রীর প্রাণ।

মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই হেলিকপ্টারটি যাত্রী পরিবহনের জন্যই ব্যবহার হত। পর্যটকদের হেলিকপ্টারে বসিয়ে নিউ ইয়র্ক ঘোরানো হত।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত