অজুহাত যাই হোক না কেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের যেকোনো অপচেষ্টা সৌদি আরব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা জানান। তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরামে অনুষ্ঠিত গাজা কনট্যাক্ট গ্রুপের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গাজা সিটির বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যেতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আদেশ জারির পর প্রিন্স ফয়সাল এ বিবৃতি দিলেন। তিনি বলেন, ‘আমরা গাজা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির বিষয়টি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’
এ জাতীয় পরিকল্পনাকে ‘স্বেচ্ছাসেবী অভিবাসন’ হিসেবে প্রণয়নের নিন্দা জানিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জাতীয় পরিভাষা অগ্রহণযোগ্য। ফিলিস্তিনিরা যখন জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয় তখন ‘স্বেচ্ছা অভিবাসনের’ কথা মেনে নেওয়া যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ২১ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করে ছিটমহলটিকে ‘রিভিয়েরা’য় রূপান্তরের প্রস্তাব দিয়েছেন।
সৌদি মন্ত্রী গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং অবরুদ্ধ ছিটমহলে মানবিক ত্রাণ নির্বিঘ্নে সরবরাহ নিশ্চিত করার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
