পাঁচ গোলে চারে উঠলো ম্যানসিটি

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র করেছিল ম্যানসিটি। শনিবার ইতিহাদে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২১ মিনিটের মধ্যে দুই গোল হজম করে পেপ গর্দিওলার দল। তবে ঘুরে দাঁড়িয়ে ম্যানসিটি জিতেছে ৫-২ গোলে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে সিটিজেনরা।

ম্যাচের প্রথমার্ধে ইতিহাদে হয়েছে চার গোল। ৮ মিনিটে এবেরেচি এজে ও ২১ মিনিটে ক্রিস রিচার্ডসের গোলে এগিয়ে যায় ক্রিস্টাল। ৩৩ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে এক গোল শোধ দেন মৌসুম শেষে সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইন। তিন মিনিট পর হেড করে দলকে সমতায় ফেরান ওমর মার্মুশ।

৪৭ মিনিটে ডি ব্রুইনের কাটব্যাক ডি-বক্সের মুখে পেয়ে জোরাল শটে গোল করেন মাতেও কোভাচিচ। তাতে এগিয়ে যায় সিটি। ৫৬ মিনিটে জেমস ম্যাকাটি ব্যবধান বাড়ান। এই গোলে ভূমিকা ছিল সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের। তার অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ৪-২ করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাকাটি। ৭৯ মিনিটে বক্সে প্রতিপক্ষের হেডে বল পেয়ে যান ও'রাইলি। ব্যবধান ৫-২ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত