জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে গণফোরাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ রবিবার রাজধানীর সংসদ ভবনস্থ কমিশনের কার্যালয়ে পৃথকভাবে দুই রাজনৈতিক দলের প্রতিনিধি দল তাদের মতামত পেশ করে।
জাতীয় ঐকমত্য কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। গণফোরামের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেয়।
পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে হাজির হয়ে অবশিষ্ট চারটি বিষয়ে তাদের মতামত জমা দেয়। এর আগে দলটি সংবিধান বিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছিল। এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যা গত ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
কমিশন সূত্রে জানা যায়, সংস্কার কমিশনগুলোর দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য একটি স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এখন পর্যন্ত ৩৪টি দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন।
সংস্কার সুপারিশ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে এবং ইতোমধ্যে ৮টি রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।
আগামী ১৫ এপ্রিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সঙ্গে এবং ১৭ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সঙ্গে আলোচনা করবে কমিশন।
কালিয়াকৈরে পুকুরের ভাসমান নোহা গাড়ির রহস্য উদঘাটন
কুলাউড়ায় ট্রাকের চাকায় মোটরসাইকেল চালক নিহত