গত ১৬ বছর নববর্ষ উদযাপনে বিদেশি রাষ্ট্রের প্রভাব ছিল: সারজিস

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

বিগত ১৬ বছর দেশে বাংলা নববর্ষ উদযাপনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রেরও প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নায়েক পাড়ায় অভ্যুত্থানে শহীদ সাগর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিগত বছরের নববর্ষগুলোতে খুব স্বাভাবিকভাবেই শুধু দলীয় নয় বিদেশি রাষ্ট্রের প্রভাব আমরা দেখেছি। তাদের মতো করে দলের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওইরকম কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোতে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো।

ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে কিংবা ক্ষমতার জায়গা থেকে কোনও কিছু চাপিয়ে দেওয়া কখনওই সাসটেইনেবল নয় উল্লেখ করে তিনি বলেন, এটি কখনও আমরা প্রত্যাশাও করি না। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান পরবর্তী সময়ে ততটুকু স্পেস বাংলাদেশের মানুষকে দিয়েছে- যা আমরা ধারণ করি, সেটাই প্রকাশ করি এবং করতে পারি। আমরা বিশ্বাস করি আগামীতেও যারাই এই দেশের দায়িত্বে থাকুক না কেন, তাদের কোনও কিছু যেন ক্ষমতাকে ব্যবহার করে চাপিয়ে দেওয়ার সাহসটুকু না করে।

তিনি আরও বলেন, আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নতুন একটি নববর্ষ পেতে যাচ্ছি। বাংলাদেশের যে ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের যে কালচারগুলো ছিল এগুলোকে ধারণ করে আমরা গ্রাম বাংলায় যেভাবে নববর্ষ কাটিয়েছি, যে সংস্কৃতিকে ধারণ করে আমাদের বাবা, দাদা, নানারা যেভাবে নববর্ষ পালন করে এসেছেন সেগুলোই আমাদের মূল কালচার। আমরা সেগুলোকে সামনে রেখে যদি নববর্ষকে উদযাপন করি, তাহলে সেটাই আমাদের নিজেদের প্রকৃতভাবে তুলে ধরা হবে। আমরা প্রত্যাশা করব আমাদের সংস্কৃতির ওপরে বাহ্যিক কোনও দেশের বা নির্দিষ্ট কোনও এলাকার অপসংস্কৃতি যেন চাপিয়ে না দেওয়া হয় এবং এই অপসংস্কৃতির কারণে আমাদের মূল সংস্কৃতি যেন ঢেকে না যায়।

এ সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শহীদ সাগরের বাবা রবিউল ইসলাম, নাগরিক পার্টির পঞ্চগড়ের সংগঠক তানবীরুল বারী নয়ন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত