কুমিল্লার দেবীদ্বারে সুদের টাকা পরিশোধ করতে না পারায় বসতভিটা লিখে দিতে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার এক মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। গতকাল শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভানি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজির উপস্থিতিতে সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ও তার অনুসারীরা প্রথমে থাপ্পড়, পরে কিল-ঘুষি মারতে থাকেন এক নারীকে।
ভুক্তভোগী ওই নারীর নাম হাসিনা আক্তার। তিনি সূর্যপুর গ্রামের মৃত আয়েব আলীর মেয়ে। তার স্বামীর বাড়ি চান্দিনা উপজেলায় হলেও, সেখানে জমি না থাকায় স্বামী-সন্তান
নিয়ে বাবার ভিটাতেই বসবাস করেন।
এ বিষয়ে হাসিনা আক্তার বলেন, আলী আশরাফ নামে এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম সুদে। ফেরত দিতে দেরি হওয়ায় মনির ফরাজি ও আউয়াল বারবার চাপ দিচ্ছিলেন আমার বাবার বসতভিটা লিখে দেওয়ার জন্য। সেদিন সকালে আমাকে বাড়ি থেকে জোর করে টেনে দোকানের সামনে নিয়ে গিয়ে সবাই মিলে মারে। এর আগেও চারবার এমন করেছে। আমি শুধু বলেছিলাম, আউয়াল মেম্বার ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে। এটা বলতেই আমাকে বেধড়ক পেটানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রভাব খাটিয়ে নারী নির্যাতনের এমন ঘটনা গভীর উদ্বেগজনক। এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মনির ফরাজী ও আবদুল আউয়ালের সঙ্গে একাধিকবার
যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কেউ ফোন ধরেননি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শেহাবউদ্দিন আহমেদ নাফা আর নেই
পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক: প্রধান উপদেষ্টা