মঠবাড়িয়ায় হিন্দু বাড়িতে তান্ডব চালিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী মাথাভাঙ্গা গ্রামের চিত্ত রঞ্জন ও মনোরঞ্জন ঢালীর বাড়িতে তান্ডব চালিয়ে প্রতিপক্ষরা জমি দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ এপ্রিল) রাতে চিত্ত রঞ্জন ঢালী বাদী হয়ে মামুন তালুকদারকে প্রধান আসামি করে সাত নামীয় এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন। চিত্ত রঞ্জন ওই ওই গ্রামের কার্তিক চন্দ্র ঢালীর ছেলে।

ভূক্তভোগী মনোরঞ্জন ঢালী বলেন, উত্তর সোনাখালী মৌজার ৩১৩ নং খতিয়ানের সম্পত্তি আমার পূর্ব পুরুষ সূত্রে পাওয়া এবং শতাধিক বছরের ভোগ দখলীয়। কিন্তু গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের ওমর আলী তালুকদার গং দীর্ঘদিন ধরে জোর করে আমাদের জমি দখলের পায়তারা চালিয়ে আসছিলো।

রোববার (১৩ এপ্রিল) সকালে ওমর আলী তালুকদারের ছেলে মামুন ভাতিজা ইয়ামিন তালুকদারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র সহকারে আমাদের বাড়িতে তান্ডব চালায়। জমির সীমানা বেড়া ও বিভিন্ন প্রজাতির গাছ কেঁটে ফেলে, গোয়াল ঘর ভেঙে ফেলে, কলা গাছ কেঁটে কলা নিয়ে যায়। গোটা এলাকায় আতংক ছড়িয়ে পরলে কোন মানুষ কাছে আসতে সাহস পায়নি।

ভূক্তভোগী চিত্ত রঞ্জন ঢালীর স্ত্রী শ্যামলী রানী বলেন, ধারালো অস্ত্রের মুখে আমাদের বাড়ি থেকে বের হতে দেয়নি। মনে হচ্ছিলো ৭১ এর লুটপাট চলছে। প্রতিবেশী মহারাজ মোল্লা বলেন, সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের মহরায় ভয়ে কোন মানুষ কাছে আসতে সাহস পায়নি। আমরা জানি এ সম্পত্তি চিত্ত রঞ্জন ঢালী গংদের।

চিত্ত রঞ্জন ঢালী বলেন, পূর্ব পুরুষ সূত্রে পাওয়া সম্পত্তি থেকে আমাদের বার-বার উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে ওই ওমর আলী তালুকদার গংরা। তারা জমি কিনেছে ৪৬৪ নং খতিয়ান থেকে। আমাদের এখানে কি ? আমরা কি ভারত চলে যাব ? আমি ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত মামুন তালুকদার তান্ডব চালানোর বিষয়গুলো অস্বীকার করে বলেন, ওখানে আমার জমি পাবো। বিগত দিনে তারাই আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত