ক্যান্সারকে হারিয়ে আইপিএলে ফিরছেন উইলকিন্স

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম

ক্যান্সার মানেই এখন আর জীবনের শেষ নয়। এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে এখন নিয়মিতই জয়ী হচ্ছে মানুষ। তেমনই একজন হলেন অ্যালান উইলকিন্স। ৭১ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ক্যান্সারকে জয় করেছেন। ডাক্তার সবুজ সংকেত দেওয়ায় তিনি ধারাভাষ্যকার হিসেবে ফিরছেন আইপিএলে।

সোশ্যাল মিডিয়ায় উইলকিন্স নিজেই গলার ক্যান্সার থেকে সুস্থ হওয়া ও আইপিএলে যোগ দেওয়ার খবর দিয়েছেন। সাবেক এই বাঁহাতি পেসার লিখেছেন, ‘ভাবতেই ভালো লাগছে যে, গলার ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পর ভারতে আইপিএলে যোগ দিতে যাচ্ছি! সৃষ্টিকর্তার আশীর্বাদে নতুন জীবন পেয়েছি। মনে হচ্ছে বয়সটাও কমে গেছে। হাল ছেড়ো না বন্ধু।’

ইংলিশ কাউন্টিতে গ্ল্যামারগন ও গ্লস্টারশায়ারের হয়ে খেলেছেন উইলকিন্স। কিন্তু ইনজুরির কারণে তার ক্রিকেট ক্যারিয়ার দ্রুতই থেমে যায়। তারপর ধারাভাষ্যকার হিসাবে নতুন ক্যারিয়ার শুরু করেন।  সেই ১৯৮৪ সাল থেকে ধারাভাষ্য দিচ্ছেন উইলকিন্স। ক্রিকেটের পাশাপাশি রাগবি, টেনিস ও গল্‌ফেও ধারাভাষ্যকার হিসাবে দেখা গেছে তাকে। এর আগে ইংলিশ কিংবদন্তি জিওফ্রে বয়কটও গলার ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত