আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালের দুই লেগেই পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা গতরাতে ২-১ গোলে হেরেছে। এত বছর পর দলকে সেমিফাইনালে তুলে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা উড়ছেন। ম্যাচ শেষে তিনি জানালেন তার এতদূর আসার পেছনে পেপ গার্দিওলার অবদানের কথা।
২০০৯ সালের পর প্রথমবার আর্সেনালকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তোলা আর্তেতার কোচিং ক্যারিয়ারে পেপ গার্দিওলার বড় অবদান আছে। ২০১৬ সালে গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর সহকারী কোচ হিসেবে নিয়োগ পান আর্তেতা। দুজনে মিলে জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ এবং একটি করে কমিউনিটি শিল্ড আর এফএ কাপের শিরোপা। অথচ, গার্দিওলার সিটির অবস্থাই এখন করুণ!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্তেতা বলেন, ‘আমি আজ (বুধবার) সকালে ম্যাচের আগে গার্দিওলাকে ফোন করেছিলাম। কারণ, তার জন্যই আমি এই পর্যায়ে এসেছি। কোচ এবং খেলোয়াড় হিসেবে তিনি ছিলেন আমার অনুপ্রেরণা। তার সঙ্গে চার বছর কাটিয়েছি। তিনিই সেই ব্যক্তি যিনি আমার ওপর ভরসা রেখেছিলেন এবং দ্বিতীয় কোচ হিসেবে দলে নিয়োগ দিয়েছিলেন।’
এদিকে এই পরাজয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে। অবশ্য ম্যাচ শেষে তিনি আর্তেতাকে শুভকামনা জানিয়েছেন। এ বিষয়ে ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নেওয়া আর্তেতা সাংবাদিকদের বলেন, ‘তিনি (আনচেলত্তি) আমাকে খুবই স্নেহ করেন। ম্যাচ শেষে আমাকে শুভকামনা জানিয়েছেন। সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, আমরা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতব।’
রিয়ালের পরাজয়ের কারণ জানালেন কোচ আনচেলত্তি
আনচেলত্তি কি এবার ব্রাজিলের কোচ হবেন?
ঘরের মাঠে ধরাশায়ী রিয়াল; সেমিফাইনালে আর্সেনাল