আন্তঃমন্ত্রণালয়ের সভা

ভবন নির্মাণে নিয়ম না মানলে ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হবে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৮:১৫ পিএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আওতাধীন এলাকায় ভবন নির্মাণে নিয়ম না মানলে জরিমানাসহ পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে এ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভা থেকে পরিকল্পিত নগরায়ন, ভূমির সুষ্ঠু ব্যবহার ও বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে রাজউকের আওতাধীন এলাকায় জমি ও প্লট মালিকদের প্রতি সভায় আহ্বান জানানো হয়। নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিশ প্রদান, নির্মাণ কাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা করা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখলে, প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা ওয়াসার ব্যবস্থপনা পরিচালক, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসির ব্যাবস্থাপনা পরিচালক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তিতাস গ্যাসের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত