এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউকের পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় হংকংয়ের সিআইসি-জিরো কার্বন পার্কে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। পুরস্কার তুলে দেন এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটির চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং।
এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড যৌথভাবে আয়োজন করে ইউএন-হ্যাবিট্যাট রিজিওনাল অফিস ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ফুকুওকা), এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি (এএইচএস), ফুকুওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার (ইউআরসি) এবং জেস এশিয়া টাউনস্কেপ ডিজাইন সোসাইটি (এটিডিইএস)। শহুরে পরিবেশ, নান্দনিকতা, জনজীবন ও প্রতিবেশগত স্থিতিশীলতায় অবদান রাখা বিশ্বব্যাপী ৭২টি প্রকল্পের মধ্য থেকে ৭টি দেশের ১১টি প্রকল্পকে এবার পুরস্কৃত করা হয়েছে।
রাজউকের হাতিরঝিল এলাকা ও বেগুনবাড়ি খালের সমন্বিত উন্নয়ন প্রকল্প ‘লক ও জলাধার উন্নয়ন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। প্রকল্পটির নকশা করেছে ‘ভিত্তি স্থপতি বৃন্দ লি.’। অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মো. ইসতিয়াক জহির।
এর আগে বাংলাদেশ তিনবার এ পুরস্কার পেলেও ঢাকা শহর এবারই প্রথমবারের মতো এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড অর্জন করল। হাতিরঝিল প্রকল্পটি দীর্ঘদিন ধরে ঢাকার নগর কাঠামো, জনসেবামূলক ব্যবহার, জলাধার পুনরুদ্ধার এবং জনবিনোদনমূলক অবকাঠামো উন্নয়নের একটি সফল উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আন্তর্জাতিক পর্যায়ের এই স্বীকৃতি বাংলাদেশের স্থাপত্য ও নগর উন্নয়ন-অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সূত্র জানায়, এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো-এশিয়ার শহরগুলোর উন্নত নগর পরিকল্পনা ও নকশা, স্থাপত্য এবং টেকসই নগর উন্নয়নে অবদান রাখা প্রকল্পগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান। এ বছর রাজউকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে বলেও জানা যায়।
