প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে পাঠানো চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদানসংক্রান্ত ডি.ও পত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো, (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হন। তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে আদালতে মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, তিনটি কেন্দ্রে শূন্য ভোট দেখানোর পর ২৮টি কেন্দ্রেও তাকে শূন্য ভোট দেখানো হয়, যা অকল্পনীয়। এ মামলার রায়ে ২০২৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করেন এবং রেজাউল করিমের জয় বাতিল করেন। পরে ৮ অক্টোবর ইসি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। ৩ নভেম্বর তিনি শপথ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত