রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও বিভিন্ন মামলার এজাহারনামীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশাল থানা ৩৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানা ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।
ডিবি সূত্র জানায়, ২০ এপ্রিল সকাল ১১টায় মো. বাপ্পিকে নবাবপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম। একই দিন সন্ধ্যা ৬টায় বেরাইদ এলাকা থেকে মো. মহিবুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। এর আগে দুপুর ৩টায় রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের একটি টিম। একইদিন রাত ১১টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম বংশাল এলাকা হতে বাবু আহাম্মেদকে গ্রেপ্তার করে।
অন্যদিকে রাত ১০টায় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে এবং রাত সাড়ে ১১টায় হাতিরপুল হতে মো. কবির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের পৃথক টিম। এছাড়া রাতে রাজধানীর মাতুয়াইল এলাকা হতে কাজী ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। ইসমাইল গতকাল যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
ডিবি সূত্র আরো জানায়, সোমবার দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে দীপম সাহাকে তেজগাঁও এলাকা হতে এবং রাত ২টা ৪৫ মিনিটে আদাবরের একটি বাসায় অভিযান পরিচালনা করে ছাত্রলীগ কর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেপ্তার করে ডিবি-সাইবারের পৃথক টিম।
গ্রেপ্তাররা রাজধানীর বিভিন্ন থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
