ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে রুহিন হোসেন প্রিন্স-হাসান তারিক

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মস্কো গেলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে তারা মস্কোর পথে রওনা দেন।

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক কমরেড লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।

এ সময় নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঐতিহাসিক রেভ সংস্কারে।

এ সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ যোগদান করবেন বলে জানানো হয়েছে। সম্মেলনে নেতৃবৃন্দ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য রাখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত