গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারী নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম

কক্সবাজার শহরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিলন চাকমা (২৫) নামে এক দোকানের কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০ টার দিকে কক্সবাজারের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, সদর থানার ওসি ইলিয়াছ খান।

নিহত মিলন চাকমা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার সম্মিয়ন চাকমার ছেলে। 

তিনি কক্সবাজার শহরের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার ভূঁইয়া এন্টারপ্রাইজের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। 

স্থানীয়দের বরাতে ইলিয়াছ খান বলেন, মঙ্গলবার রাতে শহরের কচ্ছপিয়া পুকুর পাড়ে দোকানের এক কর্মচারী অগ্নি-নির্বাপক সিলিন্ডারে (এক্সটিংগুইশার ) রান্নার গ্যাস লোড-আনলোড করছিল। এসময় সিলিন্ডারটি অসতর্কতা বশত তার হাত থেকে পড়ে বিস্ফোরিত হয়। এতে ওই দোকান কর্মচারীর ডান হাত ক্ষত-বিক্ষত এবং ফুসফুসে আঘাত পান। 

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২ টার দিকে তার মৃত্যু হয়।   

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) বলেন, ঘটনায় আহত ব্যক্তি ডান হাত ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 

ইলিয়াছ খান আরো জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ঘটনায় নিহতের স্বজনসহ কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত