গাজীপুর মহানগরীর টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়ে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী কন্যা গুরুতর দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
নিহতরা হলেন-ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের পাইপ লিকেজ হয়ে ভেতরে জমা হওয়া গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরে থাকা স্বামী লাল চান মিয়া, স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা (১৬) গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে দম্পতির মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের কন্যা এখনো হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।