বাজে রেফারিংয়ের বলি হয়ে সিরিজ হারলেন মেয়েরা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৫২ পিএম

নেপাল সফরে গিয়ে প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয়টি জিতে নিয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। কিন্তু চতুর্থ ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা রাখতে পারলেন না শ্রাবণীরা। ২১-১৭ পয়েন্টে ম্যাচের সঙ্গে সিরিজও হেরে গিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাজে রেফারিং দেখা গেছে। নেপালের অব্যবস্থাপনাও চোখে পড়েছে। সময় শেষ হওয়ার আগেই ম্যাচের শেষ বাঁশি বাজিয়েছিলেন রেফারি। বাংলাদেশ দল এ নিয়ে আপত্তি জানালে পরে আবার খেলা শুরু হয়।

ম্যাচে বেশ কয়েকবার রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানায় বাংলাদেশ দল। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা বলেন, 'আমাদের মেয়েরা শুরু থেকেই ভালো খেলছিল। কিন্তু ম্যাচে যা দেখলাম, আমাদের মেয়েরা টাচ করছে সাথে বোনাস পাচ্ছে। কিন্তু রেফারি বোনাস দিচ্ছেন না। বাজে রেফারিংয়ের কারণে আমরা আজ ম্যাচটা হারলাম। এরপর খেলা শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতেই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেয়। বার বার রেফারি ভুল করেছে। আমাদের অনেকগুলো টেকনিক্যাল পয়েন্ট দেয়নি। স্বাগতিক হওয়ার কারণে রেফারি প্রথম থেকেই ওদেরকে বাড়তি সুবিধা দিচ্ছিল। আমাদের রিভিউগুলা আনসাকসেসফুল দেখাচ্ছে আর নেপালেরটা সাকসেসফুল দেখাচ্ছে। পয়েন্ট না দেয়ার কারণে আমাদের মেয়েরা চাপে ছিল। আর এই চাপ দলের উপর প্রভাব ফেলেছে। চার থেকে পাঁচটা বোনাস পয়েন্ট আমাদের দেয়া হয়নি। দর্শকরাও মাঠ থেকে বলছিল বাংলাদেশ পয়েন্ট পায়। কিন্তু দেওয়া হচ্ছে না।'

ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। প্রথমেই ৩-০ পয়েন্টে এগিয়ে যাযন শ্রাবণী, বৃষ্টিরা। তবে নেপালও গুছিয়ে উঠে ম্যাচে এগিয়ে যেতে থাকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। মাত্র এক পয়েন্টে পিছিয়ে ছিল বাংলাদেশ। নেপালের ১০ পয়েন্ট। আর বাংলাদেশের ছিল ৯ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে সমানতালে এগোতে থাকে ম্যাচ। একটা সময় দুই দলের পয়েন্ট ছিল সমান ১৪। এরপর নেপাল কিছু পয়েন্ট আদায় করে নেয়। পাঁচ ম্যাচের সিরিজে নেপাল এখন ৩-১ ব্যবধানে এগিয়ে। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত