আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মাসুদ (৩২) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এ সময় তার খাটের তোসকের নিচ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জামগড়ার ছয়তলা ইস্টার্ন হাউজিং এলাকার এমএস গলির একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের হযরত আলীর ছেলে। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র রেখেছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও বিদেশি খালি মদের বোতল উদ্ধার করা হয়। তিনি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

র‍্যাব-৪-এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত