ফেনীর সোনাগাজীতে চোরের পিটুনিতে আবদুল মতিন নামের এক মুদি দোকানির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বুধবার উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর গ্রামের মতিনের দোকানের সামনে ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত চোর হৃদয় ও তার মা শাহানা আক্তারকে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আবদুল মতিন জিৎপুর রিয়াজ স্টোরের মালিক। ২৮ এপ্রিল দিবাগত রাতে তার দোকান থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা এবং কয়েক কার্টুন সিগারেট চুরি হয়। বুধবার সকাল ১১টার দিকে মতিগঞ্জ তানবিন গ্রোসারিজের মালিকের কাছে ২৩ প্যাকেট সিগারেট বিক্রি করতে যান মতিনের বাড়ির অটোরিকশা চালক হৃদয়। সিগারেটগুলো কম দরে বিক্রি করতে চাইলে দোকানি শহীদ উল্লাহর সন্দেহ হলে তিনি কয়েকজন ব্যবসায়ীকে খবর দেন। এর মধ্যে তারা জিৎপুরের মতিনের দোকান চুরির খবর জানতে পারেন। পরে হৃদয়কে বসিয়ে রেখে তারা মুদি দোকানি মতিনকে খবর দেন। জানতে পেরে মতিন তার স্বজনদের নিয়ে শহীদের দোকানে হাজির হয়ে হৃদয়কে আটক করে জিৎপুর তার দোকানের সামনে নিয়ে যান।
এ খবর জানতে পেরে হৃদয়ের মা শাহানা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে মতিনকে মারধর শুরু করেন। এ সময় হৃদয় ও তার মায়ের পিটুনিতে দোকানি মতিন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শাহানা আক্তার ও তার ছেলে হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধৃত শাহানা আক্তার ভাদাদিয়া গ্রামের আবদুল মতিনের বাড়ির শহীদুল ইসলামের স্ত্রী এবং হৃদয় তার ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, মা ও ছেলে পুলিশের হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোবট কুকুরের নাম ‘চম্পক’ রাখায় বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা
শিবচরে প্রতিবন্ধী সন্তানকে নদীতে ফেলে দিলেন মা 