মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাইক ওয়াল্টজকে যে ট্রাম্প দায়িত্ব থেকে সরিয়ে দেবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিল কয়েকটি সূত্র। বৃহস্পতিবার ট্রাম্প ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেছেন, তিনি মার্কো রুবিওকে তার অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করবেন।
জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে ওয়াল্টজকে মার্কিন সিনেটে মনোয়ন নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের মহান জাতির প্রতি আমার সেবা অব্যাহত রাখতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় সহায়তার জন্য ট্রাম্প তার প্রথম মনোনীত রিপাবলিকান প্রতিনিধি এলিস স্টেফানিককে কংগ্রেসে থাকার আহ্বান জানানোর পর থেকে জাতিসংঘের স্থানটি শূন্য হয়ে পড়েছে।
রুবিওর আগে সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। সেটি সত্তরের দশকের ঘটনা।
এর আগে ওয়াল্টজের বাদ পড়ার সম্ভাবনা প্রবল হয়, যখন তিনি একটি নিরাপত্তাসংক্রান্ত বার্তার গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিককে যুক্ত করেন। যদিও ট্রাম্প তখন তাকে বরখাস্ত করেননি।
