বড় জয়ে ফাইনালে এক পা ম্যানচেস্টার ইউনাইটেডের

আপডেট : ০২ মে ২০২৫, ১০:২৬ এএম

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা করুণ, তবে ইউরোপীয় আসরে তাদের দেখা গেল ভিন্ন মেজাজে। ইউরোপা লিগের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে তারা ফাইনালে এক পা দিয়ে রাখল। আগামী বৃহস্পতিবার রাতে ফিরতি লেগের লড়াই জিতলেই রেড ডেভিলরা ফাইনালে উঠে যাবে।

বৃহস্পতিবার রাতে স্পেনের সান মামেসে অনুষ্ঠিত ম্যাচের বেশ চাপে ছিল ইউনাইটেড। স্বাগতিক অ্যাথলেটিক বিলবাও একের পর এক আক্রমণ করে যাচ্ছিল। তবে খেলার ধারার বিপরীতে ৩০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। হ্যারি ম্যাগুয়ারের ডান পাশ থেকে আক্রমণে উঠে এসে পাস দেন উগারতেকে, তার ফ্লিক চলে যায় বিলবাওয়ের বিপদসীমায় থাকা কাসেমিরোর কাছে। বল জালে পাঠাতে তিনি ভুল করেননি।

এক পর্যায়ে স্বাগতিক ডিফেন্ডার ড্যানিয়েল ভিভিয়ান রাসমুস হয়লুন্ডকে পেছন থেকে টেনে ধরেন। রেফারি পেনাল্টির পাশাপাশি ভিভিয়ানকে লাল কার্ড দেখান। অ্যাথলেটিক ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। সেই পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেজ। এর কিছুক্ষণ পরেই উগারতের ব্যাকহিল পাস থেকে আবারও গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এই গোলে প্রথমার্ধেই ৩-০তে এগিয়ে যায় ইউনাইটেড।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ইউনাইটেড আরও কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি। অন্য সেমিফাইনালে তাদের ইংলিশ প্রতিবেশী টটেনহ্যাম অবশ্য বোডো/গ্লিমটকে নিজেদের মাঠেই হারিয়েছে ৩-১ গোলে। ফলে ২০১৮-১৯ মৌসুমের পর আবারও অল ইংলিশ ফাইনালের খুব কাছে চলে এসেছে ইউরোপা লিগ। প্রিমিয়ার লিগের টেবিলে ১৪তম স্থানে থাকা ইউনাইটেডের জন্য ইউরোপা লিগ জয়ই চ্যাম্পিয়ন্স লিগে খেলার একমাত্র সুযোগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত