সাবিনাদের খেলার অপেক্ষা ঘুচতে যাচ্ছে

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:০৯ পিএম

ভুটানে বলতে গেলে অবসর সময় কাটছে ১০ নারী ফুটবলারের। ভুটান নারী লিগে তিনটি ক্লাবের হয়ে খেলার কথা তাদের। তবে এই লিগের শুরুটা হয়নি সময় মতো। আভ্যন্তরীণ জটিলতায় ১৯ এপ্রিল শুরু হয়নি লিগ। তাই সাবিনা, মাসুরা, ঋতু, মনিকাদের সময় কাটছে শুধু অনুশীলন করে।

অবশেষে তাদের অপেক্ষা ঘুচতে যাচ্ছে। ভুটান ফুটবল ফেডারেশন লিগ শুরুর নতুন সূচী প্রকাশ করেছে রবিবার। ১০ মে শুরু হবে লিগ। প্রথম দিনই মাঠে নামবেন সানজিদা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের দল থিম্পু সিটি।

চ্যাংলিমিথাং স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইউএ উইমেন্স ফুটবল ক্লাব। ১২ মে মাঠে নামবে ট্রান্সপোর্ট ইউনাইটেড। যে দলে আছেন বাংলাদেশের ৩ ফুটবলার গোলরক্ষক রুপনা চাকমা, ডিফেন্ডার মাসুরা পারভীন ও ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার।

সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন পারো এফসিতে। তাদের প্রথম ম্যাচ ১৫ মে। তাদের প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।

ভুটান লিগের শুরু পিছিয়ে যাওয়ায় নারী ফুটবলারদের ম্যাচ খেলার দীর্ঘ অপেক্ষা আরও বেড়েছিল। এই ফুটবলাররা সর্বশেষ ম্যাচ খেলেছে গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়িনশিপে। এরপর থেকেই শুরু অপেক্ষার। মাঝে জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলারকে বয়কট করায় জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলা হয়নি ১৮ বিদ্রোহী ফুটবলারের। তাদের মধ্যে ১০ জন এখন আছেন ভুটানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত