আ. লীগ অফিসে চুরি করতে এসে ৭ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৪৭ পিএম

নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের খালি জায়গা থেকে দেলোয়ার হোসেন (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার নওগাঁ শহরের চকদেব পাড়া এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে।

আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের স্থানীয়রা জানান, আওয়ামী লীগের পতনের পর জেলা আওয়ামী লীগের ৭ তলা পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রবিবার দুপুর ২টার দিকে আশপাশের লোকজন শব্দ পেয়ে ভবনের নিচতলায় লিফটের ফাঁকা জায়গায় এক লোককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসাট আবু জার গাফ্ফার জানান, রোগীটিকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না। ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। হাসপাতালে নেওয়ার আগেই রোগীটির মৃত্যু হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, ওই যুবক লিফটের তার, রেলিংয়ের ধাতব পদার্থ চুরি করার জন্য ভবনের সাত তলায় উঠেছিলেন। চুরি করার সময় সেখান থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত