কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার শমিত সোম পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। আজ সোমবার সবুজ পাসপোর্ট পেয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এখন শুধু ফিফার অনুমোদনের অপেক্ষা। তারপরই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে শমিতকে।
বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘শমিত বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছে। এখন আমরা সব কাগজপত্র প্রস্তুত করে ফিফায় আবেদন করব। চেষ্টা করব আগামীকালই সেটা করে দিতে। ফিফা অনুমোদন দিলে তার আর কোনো বাধা থাকবে না বাংলাদেশের হয়ে খেলতে।’
শমিতের যাত্রা শুরু হয়েছিল ২০ এপ্রিল, যখন তিনি জন্মনিবন্ধন হাতে পান। এরপর ১ মে মেলে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। আজ মিলল বাংলাদেশের নাগরিকত্ব। এখন সব চোখ ফিফার ‘প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি’র দিকে।
কানাডায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শমিত ২০২০ সালে কানাডার জাতীয় দলের হয়ে খেলেছেন দুটি আন্তর্জাতিক ম্যাচ। এরপর দীর্ঘদিন আর আন্তর্জাতিক ফুটবলে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে।
বাংলাদেশ দলের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচ ১০ জুন, এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচে শমিতের অংশগ্রহণ নির্ভর করছে ফিফার ছাড়পত্রের ওপর। সময় মতো অনুমোদন মিললে সেই ম্যাচেই অভিষেক ঘটতে পারে তার।
বাংলাদেশের জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ নতুন নয়। ২০১৩ সালে প্রথমবারের মতো ডেনমার্কে জন্ম নেওয়া জামাল ভূঁইয়া জাতীয় দলে জায়গা করে নেন। এরপর ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী এবং সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী জাতীয় দলে অভিষেক করেছেন। প্রবাসীদের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির এ ধারায় নতুন সংযোজন হতে চলেছেন শমিত সোম। এখন শুধু অপেক্ষা সবুজ সংকেতের।
ফক্সক্রফট বীরত্বে ১৪৭ নিউজিল্যান্ড এ দলের
চোটের ছুটিতে প্রেমিকার কাছে ফিরলেন নেইমার