দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন খাতে শুল্ক আরোপ করেই চলছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার শুল্ক আরোপের ঘোষণায় যুক্ত হলো চলচ্চিত্র শিল্প।
‘মৃতপ্রায় হলিউড’ বাঁচাতে রবিবার (৪ মে) বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক আরোপের কারণ তার যুক্তি, আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার অনুমোদন দিচ্ছেন।
তিনি বলেন, বিভিন্ন দেশ সিনেমা নির্মাতা ও স্টুডিওগুলোকে নানা ধরনের প্রণোদনা অফার করছে এবং এটিকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলে মনে করেন। ‘আমরা আমেরিকায় বানানো সিনেমাকে আবার মহান করতে চাই,’ ট্রুথ সোশ্যালে লিখেন ট্রাম্প।
গত মাসে চীন বলেছিল, তারা আমদানি করা মার্কিন চলচ্চিত্রের সংখ্যা কমাবে। চীনের এমন ঘোষণার প্রেক্ষাপটে ট্রাম্প এখন বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর শতভাগ শুল্ক আরোপের নির্দেশ দিলেন।
শপথ নেওয়ার আগেই ট্রাম্প তিন চলচ্চিত্র তারকা- জন ভইট, মেল গিবসন ও সিলভেস্টার স্টালোনকে বিশেষ দূত নিয়োগ করেছিলেন। ‘তারা আমার দূত হিসেবে কাজ করবেন যার উদ্দেশ্য হলো হলিউডকে ফিরিয়ে আনা, যেটি গত চার বছরে ব্যাপক ব্যবসা হারিয়েছে। বৃহৎ, ভালো এবং আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী,’ ট্রাম্প তখন লিখেছিলেন।
