বোয়ালমারীতে ১৭ মামলার আসামি 'বিন্দু মাসি' গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:০২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত মাদক কারবারি রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রেবেকা বেগম এলাকায় ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে খ্যাত।

রবিবার যৌথ বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রেবেকা বেগম ওরফে বিন্দু মাসি ও তার স্বামী আব্দুল কাইয়ুম মোল্যা দীর্ঘদিন যাবত বোয়ালমারী পৌরসদরসহ উপজেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ৩৪টি ও বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তাদের মাদকসহ আটক করে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রেবেকা ওরফে বিন্দু মাসি। তিনি জামিনে ছাড়া পেয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, বিন্দু মাসির স্বামী আব্দুল কাইয়ুম মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, মারামারির মামলাসহ বিভিন্ন থানায় প্রায় ৩৪টি মামলা এবং রেবেকা বেগম ওরফে বিন্দু মাসির বিরুদ্ধে ১৭টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সোমবার দুপুরে রেবেকা বেগম ওরফে বিন্দু মাসিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত