ফেনীতে গৃহবধূ নুসরাত হত্যার বিচার চেয়ে মানববন্ধন 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:০৪ পিএম

যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের নির্যাতনে বিয়ের ৪ মাসের মাথায় প্রাণ হারানো গৃহবধূ নুসরাত (১৭) হত্যা মামলা দায়ের ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে ফেনী শহরের শহীদ মিনার চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন নুসরাতের মা বিবি আয়েশা, শ্রমিকদল নেতা আবুল কালাম স্বপন, সমাজসেবক আবদুল্লাহ আল নোমান, স্কুল ছাত্রী সাদিয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনের পূর্বে এক প্রতিবাদ মিছিল শহরের ট্রাংক রোড প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়। মিছিলে তারা- ‘তুমি কে আমি কে, নুসরাত নুসরাত’, ‘বিচার চাই বিচার চাই, নুসরাত হত্যার বিচার চাই’, ‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ স্লোগান দিতে থাকে।

বক্তারা বলেন, এ ঘটনার পর পুলিশের কাছে মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। একটি মেয়েকে নৃশংসভাবে হত্যা করার পর মামলা না নেয়া রহস্যজনক। আগামী ২৪ ঘণ্টার ভেতর মামলা না নিলেই কঠিন কর্মসূচির ঘোষণা দেন মানববন্ধনের আয়োজকরা। 

৪ মাস পূর্বে ফেনী পৌর এলাকার মহিপাল বড় বাড়ির নুর নবীর মেয়ে নুসরাতের বিয়ে হয় ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আবদুল হকের ছেলে মো. হাসানের (১৮) সাথে। হাসান 'উপকূল’ নামক ইমা সার্ভিসের চালক। বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুক চেয়ে নুসরাতের ওপর নির্যাতন চালায়। তাদের অমানুষিক নির্যাতনে মাত্র চার মাসের মাথায় ১ মে বৃহস্পতিবার সকালে মারা যায় নুসরাত।

অজ্ঞাত ব্যক্তির ফোনে খবর পেয়ে নুসরাতের শ্বশুরবাড়ি যান তার পিতা। মেয়েকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নুসরাতের স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত