যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১৫

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১৯ পিএম

দিনাজপুর সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত নারী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ১৫বাস যাত্রী আহত হয়েছেন। সোমবার (৫ মে) সন্ধ্যায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার নশিপুর জামতলি এলাকায় ঘটে। 

দশমাইল হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে নূরানী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে নশিপুর জামতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দশ মাইল হাইওয়ে, কোতয়ালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৫ জন আহতদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ভর্তি পরীক্ষার্থী রয়েছেন। 

হাইওয়ে পুলিশের এসআই রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত