ভালুকায় ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৮ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

ভালুকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে নগদ টাকা ও স্বণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৭ মে) রাতে উপজেলার কাচিনা গ্রামে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার কাচিনা গ্রামের পশ্চিম পাড়ার মাওলানা আবুল কালাম আজাদের বাড়িতে মুখোশধারী ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির পাশে রাস্তায় পিকআপ দাঁড় করে রেখে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমে ডাকাতদল ঘরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরে রাখা মাছের খাদ্য কিনার দুই লাখ ৫০ হাজার টাকা ও পাঁচভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। 

বাড়ির মালিক মাওলানা আবুল কালাম আজাদের ছেলে শফিকুল ইসলাম জানান, ১৫/১৬ জনের ডাকাতদল আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের বেঁধে ফেলে এবং ঘর থেকে নগদ টাকা ও তার ভাই ইঞ্জিনিয়ার মামুনের ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মাছের খাদ্য কেনার জন্য রাখা ২ লাখ ১৯ হাজার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর পরই থানায় খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পুলিশ আসেন পরদিন (৮ মে) বৃহস্পতিবার দুপুরে। এই ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত