ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে শেরপুরের একটি বাস পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই রাতে জেলা পরিষদের সাবেক সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোস্তফার কামালের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শেরপুরের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
অপরদিকে উপজেলার জামিরদিয়া এলাকায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফার কামালের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন সাবেক এই জেলা পরিষদের সদস্য।
এ ব্যাপারে ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. খোরশেদ আলম জানান, পুলিশ সারা রাতই টহলে ছিলেন। গাড়িতে আগুন দেয়ার ঘটনাটি তার জানা নেই।
এদিকে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দূর্বৃত্তরা আগুন দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।