গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ ট্রাক এবং লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম।
পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর রাত ৩টার দিকে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া বোয়ালী মোড়ে সুবাহান এন্টারপ্রাইজ নামের একটি দোকানের শাটারের তালা কেটে ভেতরে ঢোকে ডাকাতদল। পরে বৈদ্যুতিক তার, কেব্ল, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী দুটি ট্রাকে করে নিয়ে যায় তারা। লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় দোকানমালিক সালাউদ্দিন আকন্দ কালীগঞ্জ থানায় মামলা করেন। তদন্তে ঘটনাটি ডাকাতি বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন ঝালকাঠির রামচন্দ্রপুরের ১ নম্বর গাবা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. মিলন মিয়া (৪৫) এবং বাড্ডার বড় বেড়াইদ হাড়াইলদিয়া এলাকার মৃত আলতাব হোসেনের ছেলে মো. রমজান (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত একটি জ্যাক পিকআপ এবং লুট করা মালামাল পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত আরেকটি ছোট পিকআপ জব্দ করা হয়েছে। এ ছাড়া আসামিদের বসতবাড়ি ও ভাড়া নেওয়া দোকান থেকে লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক মাহমুদুল হাসান। গ্রেপ্তার দুজনকে বুধবার বিকেলে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।