পাহাড় থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার গহীন পাহাড়ে মাদক নির্মূল ও অপহরণ রোধে র‍্যাবের যৌথ অভিযান চলছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৮টা থেকে এ অভিযান পরিচালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের র‌্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, কক্সবাজার একটি অপরাধ প্রবণ জেলা। এখানে মাদক, চোরাচালান ও অপহরণের ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে। গত ৩ মাসে কক্সবাজার জেলায় ৪০টির মত অপরহণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩০টির মত ঘটনা শুধু এই দুই উপজেলা টেকনাফ ও উখিয়াতে সংঘটিত হয়েছে। 

গোয়েন্দা অনুসন্ধানে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, উপজেলা দু'টিতে অপহরণকারীরা সাধারণত ভিকটিমদেরকে উখিয়ার জালিয়া পালং, শামলাপুর, কুটুমগুহা এবং টেকনাফের রঙ্গীখালী, আলীখালী ও জালিয়া পাড়ার গহীন অরণ্যে রাখে। এই গহীন এলাকাগুলো আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্গম হওয়াতে সন্ত্রাসী ও ডাকাতরা তাদের নিরাপদ আশ্রয় মনে করে। গহীন এলাকা থেকে সন্ত্রাসী ও ডাকাতদের আস্তানা সমূলে ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। র‍্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। যেখানে র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। সাঁড়াশি অভিযানে সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত কয়েকটি অস্থায়ী টংঘর ও কটেজের সন্ধান পাওয়া গেছে। যেগুলো তল্লাশি করে সন্ত্রাসীদের ব্যবহৃত ২০৫০টি ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, ২টি এলজি, ১টি শুটারগান, ১১টি গুলি, ১টি অস্ত্রের যন্ত্রাংশ, ৪ টি রামদা, ২টি ছুরি, ১টি চাকু, ৩টি কিরিজ, অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান জানান, অভিযান পরিচালিত এলাকা সমূহে যেন পুনরায় সন্ত্রাসী ও নিরাপদ আশ্রয় না হতে পারে সেজন্য নিয়মিত ব্যবধানে এখানে সাঁড়াশি অভিযান পরিচালিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত