ভারত থেকে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক ১৫ 

আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (৭ মে) উপজেলার ধলই সীমান্তে প্রবেশকালে তাদের আটক করা হয়। 

কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ন শীল বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের মধ্যে নয়জন পুরুষ, তিনজন মহিলা ও তিনজন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

আটকরা জানায়, তারা ভারতের আসামে বসবাস করতো। হঠাৎ ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশ ইন’ করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেননি।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া বলেন, আটক সবাই বাংলা ভাষায় কথা বলছেন। যাচাই-বাছাই করে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর মৌলভীবাজার জেলার সব সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সংস্থা সূত্রে জানা গেছে, কমলগঞ্জ ছাড়াও পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে ৫৮ জন এবং কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ৩০ জন অনুপ্রবেশ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত