সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে পৃথক অধিদফতর করা হবে

আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:০৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০-এ উল্লেখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে ও তাদের ভাষা ,সংস্কৃতি  ও ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে পৃথক অধিদফতর গঠন করা হবে । 

বৃহস্পতিবার ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়তনে ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৬ তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে বসবাসকারী সকল জাতিগোষ্ঠী যাতে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী ধর্ম ও সংস্কৃতি চর্চা করতে পারে সেজন্য বিএনপি সর্বাত্মকভাবে চেষ্টা চালাবে। পাশাপাশি সকল জাতি গোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর সুবিধা নিশ্চিত করবে। 

তিনি বলেন, একটি মহল বিএনপি সর্ম্পকে অপপ্রচার করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে সকল জাতিগোষ্ঠীর স্বীকৃতি প্রদান করেছিলেন। তিনি বলেছিলেন শুধুমাত্র ভাষা বা ধর্মের ভিত্তিতে কোন জাতি গড়ে উঠতে পারে না। 

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান সুবাস বর্মণের সভাপতিত্বে সভা ও কাউন্সিল অধিবেশনে ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী , ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সেক্রেটারি জেনারেল স্বর্ণকান্ত হাজং প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত