আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:২৩ এএম

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের আহ্বানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। যা আজ শুক্রবার সকালেও চলছে। তবে গভীর রাত পর্যন্ত মানুষের ব্যাপক সমাগম ঘটলেও ভোরের আলো ফুটতেই কমতে শুরু করে।

শুক্রবার (৯ মে) সকাল ৭টা পর্যন্ত যমুনার সামনে দেখা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ফাঁকে ফাঁকে গান, হামদ ও কবিতা আবৃত্তিও চলছে।

সরেজমিনে দেখা গেছে, শুরুর পর থেকে দলে দলে এসে আন্দোলনে যোগ দেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনে যোগ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। তবে ভোর ৫টার পর থেকে দল বেধে চলে যেতে থাকেন অনেকে। এরপরও একদল আন্দোলনকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে যমুনার সামনে আন্দোলনের মঞ্চ তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

কর্মসূচির কারণে যমুনার সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত