মুন্সীগঞ্জের সিরাজদীখানে ৫০০ টাকার লোভ দেখিয়ে মাদরাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চন্দনধূল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক সিয়াম মাঝি চন্দনধূল গ্রামের মোতালেব মাঝির ছেলে।
জানা গেছে, ওই ছাত্রী (৮) বুধবার দুপুরে আম কুড়াতে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। সেখানে আগে থেকে থাকা সিয়াম মাঝি তাকে ৫০০ টাকার লোভ দেখিয়ে তার সঙ্গে যেতে বলে। সে যেতে না চাইলে সিয়াম জোরপূর্বক তাকে আম বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে বিষয়টি সে তার দাদিকে জানায়। পরে শিশুটিকে তার মা-বাবা সন্ধ্যায় সিরাজদিখান থানায় নিয়ে যান।
মাদরাসাছাত্রীর বাবা বলেন, আমার শিশুকন্যাকে সিয়াম মাঝি ধর্ষণ করেছে। আমি এ ঘটনায় তার শাস্তি দাবি করছি।
সিরাজদীখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) শাহেদ আল মামুন বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
