আশুলিয়ায় রুবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ 

আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৪১ পিএম

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার রুহুল আমিন মন্ডলের ছোট ভাই রুবেল মন্ডলকে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসীরা।

বৃহস্পতিবার বাদ আসর আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় নিহতের জানাযা শেষে মানববন্ধন করেন তারা। এ সময় রুবেলকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, রুহুল মন্ডল পরপর দুইবার বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন। এলাকায় তিনি একজন সুপরিচিত লোক। তার ব্যবসা দখল নিতে ৫ আগস্টের পরে তার বিরুদ্ধে কয়েটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করা হয়। এরপরে এই ব্যবসা-বাণিজ্য দেখভাল করতে তার ছোট ভাই রুবেলকে দ্বায়িত্ব দেওয়া হয়। এরপরে তাকে বাসা থেকে দেউল নিজ খামারে ডেকে নেন আলাউদ্দিন আলো। পরে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শান্ত, গরুর ডাক্তার জাকির, আমজাদ মন্ডল, জাইদুর মন্ডল, হামেদ মাদবর, কুদ্দুস মন্ডল, জুয়েল মাদবর, মুনসুর মন্ডল, মিজান মন্ডল ওরফে হায়েল মন্ডল, সেলিম মন্ডল, আবুল কাশেম দেওয়ান ও মিলন মন্ডলসহ অজ্ঞাত আরও ৬-৭ জন সন্ত্রাসীরা মিলে তাকে কুপিয়ে হত্যা করে।

সেদিন আনুমানিক দুপুর ১২টার দিকে আলাউদ্দিন আলোকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের অতি দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান এলাকাবাসী। সেই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত