আশুলিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:৫৩ পিএম

আশুলিয়ায় বালু ভর্তি ট্রাক চাপায় খলিলুর রহমান (৫৫) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৯ মে) দুপুরে আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত খলিলুর রহমান আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সন্দীপ এলাকার মৃত হাসেম হাওলাদারের ছেলে। অন্যদিকে আটক ট্রাক চালক ফজল দেওয়ান (২২) একই ইউনিয়নের চাকগ্রাম এলাকার আক্কাস দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গেরুয়া এলাকায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা খলিলুর রহমান নামে এক বৃদ্ধকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত