২১ আগস্ট গ্রেনেড হামলা

তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:২২ এএম

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার আপিল বিভাগে এই শুনানির কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ৪ মে মামলাটির শুনানি পেছানোর সিদ্ধান্ত নিয়ে আদালত ৬ মে নতুন দিন ধার্য করেছিলেন। ওইদিন আপিল বিভাগ স্পষ্ট করে জানায়, তারা মামলাটির শুনানি গ্রহণ করবেন।

গত ১২ জানুয়ারি, হাইকোর্ট বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন, যেখানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়।

হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে বলেন, মামলার বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা 'অবৈধ উপায়ে' প্রদান করা হয়েছে। এই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে চালানো হয় ভয়াবহ গ্রেনেড হামলা। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।

তবে ওই হামলায় প্রাণ হারান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আহত হন আরও তিন শতাধিক।

ঘটনার পর দায়ের হওয়া মামলায় বিচারিক আদালত বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত