কানাডায় অ্যাডভোকেট মনজিল মোরসেদ 

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে 

আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:২৭ পিএম

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’র সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

বুধবার কানাডার টরেন্টোর ফার্মেসি অ্যাভিনিউ’র কমিউনিটি সেন্টারে এইচআরপিবি’র কানাডা শাখার উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা সভায় এ আহ্বান জানান তিনি।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম। এ সময় আরও বক্তব্য রাখেন এইচআরপিবি কানাডা শাখার সদস্য সচিব প্রফেসর হাওলাদার এ সামাদ, সংগঠনের প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারী প্রমুখ। এ ছাড়া সভায় এইচআরপিবি কানাডা শাখার নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার এইচআরপিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রসঙ্গত, সংগঠনের দুটি সেমিনারে যোগ দিতে সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্র সফরে যান মনজিল মোরসেদ।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, প্রবাসীরা বাংলাদেশে তাদের বিভিন্ন অধিকার হতে আইনি দীর্ঘসূত্রিতার কারণে বঞ্চিত হচ্ছেন। লক্ষ লক্ষ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তারা তাদের কষ্টে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে সহায় সম্পত্তি ব্যবসা-বাণিজ্য গড়ে তোলেন। কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্নভাবে প্রভাবশালী বা আত্মীয়-স্বজনেরা প্রবাসীদের সম্পত্তি ব্যবসা-বাণিজ্য জোর-পূর্ব দখল করে থাকেন। জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, সম্পত্তি উদ্ধার করতে গেলে তারা নিগৃহীত ও নির্যাতিত হন। এমনকি মিথ্যা মামলায় জড়িয়ে তাদের দেশে আসাও বন্ধ হয়ে যায়। সম্পত্তি নিয়ে বিভিন্ন মামলা দায়েরের মাধ্যমে যে আইনি জটিলতার সৃষ্টি হয়। এ ছাড়া আইনি দীর্ঘ সূত্রতার কারণে প্রবাসীরা তাদের ন্যায়বিচার হতে বঞ্চিত হন।

তিনি বলেন, প্রবাসীদের হয়রানি থেকে মুক্তির জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গঠন করা দরকার। এ ছাড়া প্রবাসীদের হয়রানি বন্ধের লক্ষ্যে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান ও এ লক্ষ্যে জোরালো আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আরো বলেন, প্রবাসীরা যদি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ে সোচ্চার হন তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত