ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন চাঁনপুর গ্রামের শিরু মোল্লার ছেলে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর ১টার দিকে জাকির একটি লিচু গাছে উঠে লিচু পাড়ছিলেন। হঠাৎ লিচু গাছের একটি ডাল ভেঙ্গে নিচে পড়ে যায় সে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাকে বলেছিলাম, তাড়াতাড়ি নিচে নেমে আসতে। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে আছে।
এ বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমিউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গণঅনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
তারকা হারাচ্ছে আইপিএল; ভারতে ফিরছেন না মিচেল স্টার্ক