খুলনায় সালাহউদ্দিন

বিএনপির ৩১ দফা রাজনীতির মহাকাব্য

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৫৬ পিএম

বিএনপির ৩১ দফা বাংলাদেশের রাজনীতির মহাকাব্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। খুলনায় তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত যৌথ সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সারাদেশে ইন্টারনেটের সহজলভ্যতা ও বহুভাষিক শিক্ষার প্রচলন করতে চায় বিএনপি। আমি নিজেও অন্য ভাষা শিখেছি। আগামীতে আমরা মাতৃভাষার পাশাপাশি অন্তত দুটি ভাষা শিক্ষা দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেব।

বিএনপির হাত ধরে অতীতে দেশের সব সংস্কার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির হাত ধরেই দেশে বহু সংস্কার হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ৯০ পরবর্তী সংসদীয় সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন বিএনপির মাধ্যমেই হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই পুনরায় গণতন্ত্র ফিরে আসবে।

আওয়ামী লীগ দেশের সব সেক্টর ধ্বংস করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে পুনরুজ্জীবিত করতে বিএনপির ৩১ দফার রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছে।

তিনি আওয়ামী লীগের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে ‘ভালো রাজনীতি’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের ইতিহাস অপরাজনীতির ইতিহাস। আমাদের এই অপরাজনীতির বিরুদ্ধে ভালো রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তাহলে আওয়ামী বাকশাল আর কখনো দাঁড়াতে পারবে না।

সেমিনারে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ড. আজিজুল হক, ফাহিম মাশরুর, ড. মারুফ মল্লিক, রেজাউল করিম রনি, ডা. সায়েম মোহাম্মদ, ড. সাইফুল ইসলাম খন্দকার, শাহীর চৌধুরী, ড. শামীমা সুলতানা এবং ড. তৌফিক জোয়ার্দার। 

বক্তারা বিএনপির ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র সংস্কারের জন্য দলটির প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক এস এম জিলানী, স্বেচ্ছাসেবকদল সভাপতি নুরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত