হামজা চৌধুরীর পর আরও একাধিক প্রবাসী ফুটবলার পেয়ে গেল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য নিজের ক্লাব থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ফাহমিদুল ইসলাম। এদিকে দলে খেলার অপেক্ষায় শমিত সোম। এই কানাডিয়ান প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে এবার শিরোপা জিততে চান।
এক পডকাস্টে শমিত সোম বলেন, ‘আমি যতটা সম্ভব ভিন্ন জায়গায়, ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে চাই। এর জন্য আমি সবসময় প্রস্তুত। বাংলাদেশ দলে খেলা আমার কাছে অনেক বেশি গর্বের বিষয়। আমি লাল সবুজ জার্সিতে খেলতে মুখিয়ে আছি। ক্লাবে খেলার অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগাতে চাই। দলকে যতটা সম্ভব সাহায্য করব। সবাইকে নিয়ে শিরোপা জেতার ইচ্ছা আছে।’
কানাডা প্রবাসী শমিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। বর্তমানে তিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসি-তে খেলছেন। গত ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পান শমিত। পরদিন কানাডার টরেন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন। গত সোমবার পাসপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই বাংলাদেশের হয়ে খেলতে অনুমতি পেয়েছেন শমিত।
কানাডা জাতীয় দলের হয়ে ২টি প্রীতি ম্যাচ খেলেছেন শমিত। এর আগে কানাডা অনূর্ধ্ব-২৩ দলেও খেলেছেন। তবে জাতীয় দল কিংবা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলা কোন ম্যাচেই ফিফার আন্তর্জাতিক টায়ার-১ স্বীকৃতি ছিল না। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে শমিতের অভিষেক হবে। তার আগে ৫ জুনের মধ্যে তার বাংলাদেশে আসার কথা আছে।
সাকিবের ১৬৯ দিনের অপেক্ষা ঘুচতে যাচ্ছে আজ?
প্লে-অফ থেকে ছিটকে গেলেও ক্রিকেটার কিনছে কলকাতা!
ম্যাচ জিতেও সন্তুষ্ট নন লিটন; আরও ভালো খেলার তাগিদ