শমিতকে কসমসে স্বাগত জানালেন প্যাটারসনের মেয়র

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:১৮ এএম

যুক্তরাষ্ট্র ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এবং কিংবদন্তি পেলের ক্লাব নিউ ইয়র্ক কসমসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভ্যালরি এফসির সঙ্গে দীর্ঘ তিন বছরের সফল অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের এই তৃতীয় স্তরের ক্লাবে নাম লেখালেন ২৮ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার।

ঐতিহাসিক এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর শমিতকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় নিউ জার্সির প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েঘ, যা বাংলাদেশি মিডফিল্ডারের এই নতুন যাত্রাকে আরও বর্ণিল করে তুলেছে।

শমিতের দলে অন্তর্ভুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বুধবার নিউইয়র্ক কসমস কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কসমসে স্বাগতম, শমিত সোম। বাংলাদেশি আন্তর্জাতিক ফুটবলার শমিত সোম এখন অফিসিয়ালি কসমসের সদস্য। এমএলএস এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগ মিলে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে তার। শমিতের এই অভিজ্ঞতা ও গুণমান কসমসের মিডফিল্ডে আন্তর্জাতিক উপস্থিতি আরও শক্তিশালী করবে।’ 

ঐতিহাসিক এই ক্লাবে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত শমিতও। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি সরাসরি বলেন, ‘কসমস কান্ট্রি, আমি শমিত সোম। বাংলাদেশি অ্যাটাকিং মিডফিল্ডার। এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

পেলের মতো কিংবদন্তিদের স্মৃতিবিজড়িত এই ক্লাবে পা রেখে তিনি আরও যোগ করেন, ‘কসমসের হয়ে খেলার সুযোফগ পাওয়া আমার জন্য বিশেষ সম্মানের বিষয়। সবাই জানে পেলের ও বেকেনবাওয়ারের সঙ্গে এই ক্লাবের ইতিহাস কেমন। ২০১৬ সালে যখন তাদের দলে হুয়ান আরানজো বা আয়োজেদের মতো তারকারা ছিল, তখন তাদের বিপক্ষে খেলার সুযোগ আমার হয়েছিল। আজ সবকিছু ঘুরেফিরে এক বৃত্তে এসে মিলেছে, আমি শুরু করার জন্য সত্যিই মুখিয়ে আছি।’ 

এদিকে বাংলাদেশ জাতীয় দলের এই মিডফিল্ডারের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ নিয়ে কসমসের হেড অব সকার জুসেপ্পে রসি বলেন, ‘শমিত এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়, যে সরাসরি আমাদের মাঝমাঠে নেমে অবদান রাখতে পারবে। সে উচ্চ লেভেলে ফুটবল খেলে এবং পুরো দলকে ওপরে তুলতে তার মধ্যে নেতৃত্বের দারুণ ক্ষমতা রয়েছে।’ 

কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলার পর গত বছর বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করে লাল-সবুজের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন শমিত। গত বছরের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত