সিলেটে সালাহউদ্দিন আহমেদ

কয়েকজন উপদেষ্টা দেশ অস্থিতিশীল করতে চান

আপডেট : ১৯ মে ২০২৫, ১১:০৯ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা চক্রান্ত করে দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান। তাদের সম্পর্কে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’

এই উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আপনি ব্যবস্থা নিন। যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা পায়। রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয়।’

সোমবার সিলেটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেট নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার। অনির্বাচিত হয়েও যতদিন খুশি থাকার। এই প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি দ্রুত নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। আপনি সবার কাছে সম্মানিত ব্যক্তি। কিন্তু আপনার সম্মান রক্ষা হবে কি-না আমার সন্দেহ আছে। কথাগুলো খুব নরমভাবে বললাম, সেজন্য প্রধান উপদেষ্টা নরমভাবে নেবেন সেটা হবে না। প্রধান উপদেষ্টা হয়তো আমার কথাগুলো আপনার কানে যেতে পারে, নাও যেতে পারে। গেলে ভালো, আর যদি আপনি কানে না তুলেন, তাহলে সবার জন্য খারাপ। ভাবটা এখন এমন হয়েছে আপনাদের, উপদেষ্টারা মনে করছেন পুরো দেশ যেনো তাদের কথায় উঠবে আর বসবে। তাদের মন যা চায় তা সিদ্ধান্ত নেবে এবং আমাদের মেনে নিতে হবে। আপনারা অত্যন্ত অগণতান্ত্রিক রাস্তায় হাঁটছেন। আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়। কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘সংস্কারের ফল পেতে হলে নির্বাচিত সংসদের কী বিকল্প আছে। আমরা এই কথা বললে অন্তর্বর্তী সরকার খুব নারাজ হয়। কোন কোন উপদেষ্টা বলছেন তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত। গণঅভ্যুত্থান নাকি তাদেরকে নির্বাচিত করেছে। তারা যদি  সেইভাবে নির্বাচিত হয়ে যায়, তাহলে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আছে কেন। নির্বাচন কমিশনের কাজ কী। আমরা যারা ভোট দান করতে চাই, যার জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম আর রক্ত দিলাম। তাহলে এগুলোর তো কোনো দরকার নেই।’

যিনি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী তিনিই বিএনপির সদস্য হতে পারবেন উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপির কি খরা লেগেছে যে আওয়ামী লীগ থেকে সদস্য আমদানি করতে হবে। যে আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তাদেরকে কেন আহ্বান করতে হবে বিএনপির সদস্য হওয়ার জন্য। ৫ আগস্ট বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগ ইতিহাসের জঘন্যতম গণহত্যাকারী, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রাসেদুজ্জামান মিল্লাত।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী ও এম.এ মালিক, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান, মিজানুর রহমান চৌধুরী, শেখ সুজাত মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আবদুল হক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় নেতা সৈয়দ আরাফুল কবির খোকন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত