ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

আগামী আগস্টে ফের মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব কাবাডির সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি আসর ভারতের প্রো কাবাডি লিগ। আর এবারের দ্বাদশ আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের দশ খেলোয়াড়। এর আগে বাংলাদেশ থেকে প্রো কাবাডির নিলামে এতো সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়নি কখনো। আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে এ নিলাম।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে লিগটির পক্ষ থেকে দশ খেলোয়াড়ের নাম চাওয়া হয়েছিল। ২০ মে ছিল সে তালিকা প্রদানের শেষ সময়। শেষ দিনেই আজ ফেডারেশনের পক্ষ থেকে ১০ খেলোয়াড়ের নাম জমা দেওয়া হয়। তারা হলেন- মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহান।

ফেডারেশনের সাধারণ সম্পাদক  এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি। খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে।’ এর আগে মিজান, লিটন, আরিফ রব্বানী ভারতের এই লিগে খেলেছেন।

প্রো কাবাডির নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে। সোহাগ বলেন, ‘প্রো কাবাডিতে বেশি সংখ্যক খেলোয়াড়ের সুযোগ মিললে এটা আমাদের কাবাডির জন্য অনেক ভালো হবে। খেলার সুযোগ কম পেলেও তাদের সাথে ক্যাম্প শেয়ার, একসাথে প্রশিক্ষণ করতে পারলে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবেন।’ সম্প্রতি গত জানুয়ারিতে নেপালে ফ্রাঞ্চাইজি কাবাডি লিগে খেলেছেন বাংলাদেশের ছয়জন খেলোয়াড়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত