মেহেরপুর

বিএনপির কমিটি গঠনে আদালতের নিষেধাজ্ঞা ও শোকজ

আপডেট : ২০ মে ২০২৫, ০৬:৪৮ পিএম

মেহেরপুরে বিএনপির নতুন কমিটি গঠনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। গঠনতন্ত্র অনুসরণ না করে অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগ এনে বিএনপির একাংশ আদালতে মামলা দায়ের করলে মঙ্গলবার (২০ মে) আদালতে শুনানি গ্রহণ করা হয়।  

শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ-২ মাসুদ রানা মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে শোকজ করে নতুন কমিটি গঠন কার্যক্রমে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি সাইদুর রহমান রাজ্জাক জানান- মেহেরপুরের (গাংনী) উপজেলার বিএনপি কর্মী আকামত হোসেন এবং জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে রবিবার মেহেরপুর সিনিয়র জজ (গাংনী) আদালতে নিষেধাজ্ঞা চেয়ে একটি আপীল মামলা দায়ের করেন।  

বাদীপক্ষের অভিযোগ- মূলধারার বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে হাইব্রিড বিএনপি দলের গঠনতন্ত্র ও কাউন্সিলেন বিধি বিধানের তোয়াক্কা না করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করছে। এই সমস্ত কমিটিতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব কামরুল হাসানের পছন্দের লোকদের স্থান দিয়ে দলকে আওয়ামীলীগ পুর্ণবাসন কেন্দ্র বানানো হচ্ছে। 

মঙ্গলবার মামলার শুনানিতে অংশ নেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মারুফ আহমেদ বিজন, মোখলেসুর রহমান স্বপনসহ বিএনপিপন্থী একাধিক আইনজীবী। শুনানি শেষে আদালতের বিচারক মাসুদ রানা কেন গঠিত কমিটিসমূহকে অবৈধ ঘোষণা করা হবে না মর্মে ৩ দিনের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব কামরুল হাসানকে কারণ দর্শানোর জবাব দিতে বলেছেন এবং কমিটি গঠনের সকল কার্যক্রমের উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারী করেছেন। 

এ ব্যাপারে মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান বলেন- আদালতের এমন আদেশ সম্পর্কে আমরা এখনও আনুষ্টানিকভাবে কিছু শুনিনি। মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল পূর্ববর্তী সকল কমিটির দলের গঠনতন্ত্র বিধিবিধান মেনেই করা হচ্ছে। কমিটি গঠনের উপর আদালত অন্তর্বর্তী আদেশ দিলে বিএনপি সে ব্যাপারে আইনি যুদ্ধ করেই কমিটির বৈধতার প্রমাণ করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত