নিষেধাজ্ঞা, শাস্তি ও লজ্জা কাটিয়ে চার বছর পর প্রিমিয়ারে আরামবাগ

আপডেট : ২৩ মে ২০২৫, ০২:২৩ পিএম

গত ১৫ মে নিশ্চিত হয় দেশের ফুটবলের শীর্ষস্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘের ফেরা। এর মধ্য দিয়ে শেষ চারটি বছর ধরে কাটিয়ে আসা ক্লাবটির নেতিবাচক অধ্যায়ের ইতিহাস শেষ হতে চলেছে। এ বছর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও আরামবাগ দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকে উন্নীত হয়েছে প্রিমিয়ার লিগে। গতকাল রাতে শেষ হয় বিসিএলের শেষ রাউন্ড।

২০২১-২২ ফুটবল মৌসুমের আগস্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগের বিরুদ্ধে অনলাইন বেটিং, স্পট ফিক্সিংসহ ম্যাচ পাতানোর নানা অভিযোগ প্রমাণিত হয়েছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শৃঙ্খলা কমিটি সে সময় এ অপকর্মের সঙ্গে জড়িত থাকা ফুটবলার এবং কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। তাদের মধ্যে আরামবাগ ক্লাবের সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক এম স্পোর্টসের প্রধান স্বত্বাধিকারী মিনহাজুল ইসলাম, সাবেক দলীয় ম্যানেজার গওহর জাহাঙ্গীর রুশো, সাবেক ভারতীয় ফিটনেস ট্রেনার মাইদুল ইসলাম এবং সাবেক দলীয় ম্যানেজার আরিফ হোসেনকে ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। আরও কয়েকজন ফুটবলারকেও দেওয়া হয় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা। নিজেদের মূল্যায়ন শেষে ফিফাও বহাল রেখেছিল এই শাস্তি। বাফুফে আরামবাগকে দুই ধাপ নামিয়ে সিনিয়র (প্রথম) ডিভিশন লিগে খেলার সিদ্ধান্ত দেয়। শর্ত থাকে পরের দুই বছর তারা লিগ চ্যাম্পিয়ন হলেও বিসিএলে উন্নীত হবে না। সেই শাস্তি কাটিয়ে আরামবাগ সিনিয়র ডিভিশন থেকে উপরের ধাপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওঠে গত মৌসুমে। আর পরের মৌসুমেই অর্থাৎ এবার চ্যাম্পিয়নশিপ লিগে রানার্স আপ হয়ে আরামবাগ উঠে এলো প্রিমিয়ারে।

আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল ক্লাবের এই সাফল্য সম্পর্কে ওই দিন বলেছিলেন, ‘খুব স্বল্প সময়ের প্রস্তুতিতে আমরা দল গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সাফল্যের জন্য সাধারণ সম্পাদক ইয়াকুব ভাই, কোচ রিদনের অবদান অনেক। বিশেষ করে ফুটবলাররা যারা মাঠে সেরাটা দিয়েছেন তাদের কৃত্তিত্ব সর্বাধিক। লিগের অনেক রাউন্ড আমরা শীর্ষস্থানে থাকলেও পরবর্তীতে পিছিয়ে পড়েছিলাম। এ নিয়ে আক্ষেপ নেই প্রিমিয়ারে উঠেছে দল এটাই স্বার্থকতা।’ ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর প্রতিক্রিয়া ছিল, ‘আরামবাগ একটি ঐতিহ্যবাহী ক্লাব। মাঝে আমাদের ক্লাব ভাবমূর্তির সংকটে পড়েছিল। প্রিমিয়ারে ফেরার মাধ্যমে আমরা ক্লাবের সেই পুরনো ইমেজ পুনরুদ্ধার অনেকটাই করতে সক্ষম হয়েছি।’

গতরাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় সিটি ক্লাবের বিপক্ষে বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচটি খেলে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘ। ১৮ ম্যাচ শেষে ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগে দ্বিতীয় হয়েছে ক্লাবটি। আরামবাগের ম্যাচ শেষে এই মাঠে চ্যাম্পিয়ন পিডব্লিউডি ও রানার আপ আরামবাগের হাতে ট্রফি তুলে দেয় বাফুফে। এবারের বিসিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জেতেন পিডব্লিউডির মিনহাজ স্বাধীন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত