ময়মনসিংহে আ. লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

আপডেট : ২৪ মে ২০২৫, ০৫:৫৪ পিএম

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

এদিকে, তাদের গণপিটুনি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছাত্র-জনতা আটক ব্যক্তিদের মারপিট করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় কাকুতি-মিনতি করতে দেখা যায় দেবাশীষ তালুকদার শুভকে। এর মধ্যে গুরুতর আহত আজিজুল ইসলামকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করতেন। এরা অনেককে অত্যাচার-নির্যাতন করেছে। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে এরাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা করেছে। শুক্রবার রাতে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাসহ সাধারণ জনতা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ছাত্র-জনতা ওই দুইজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী ছিল কি না আমার জানা নেই।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ওই দুজনকে আটক করে মারধর শেষে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে। তাই পুলিশের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ছাড়া ছাত্রলীগ নেতা দেবাশীষ তালুকদার শুভকে যেকোনও একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত