ককটেল ফাটিয়ে আধিপত্য বিস্তারের ঘটনায় দুই যুবক আটক

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:১৯ পিএম

গাজীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে অস্থিরতা সৃষ্টি করে আধিপত্য বিস্তারের ঘটনায় দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার (২৪ মে) বিকেলে মহানগরীর টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দর হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহানগরীর গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুষ্কৃতিকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে। এ ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে যৌথ বাহিনীর সদস্যরা দিপু সরকার ও জসিম নামের দুই যুবককে আটক করে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিব জানান, ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত